নওগাঁয় চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার মদসহ গ্রেপ্তার ১
- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বড় ধরনের চোলাই মদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম লটকুড়ি গ্রামে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সুসংগঠিতভাবে চোলাই মদের আস্তানা গড়ে তুলে মাদক উৎপাদন ও সরবরাহ করে আসছিল।
অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দসহ আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। একই সাথে স্পট থেকে ২০০ লিটার উৎপাদিত চোলাই মদসহ হাতেনাতে সুমন বাসকি (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন বাসকি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি এবং তা স্থানীয় বিভিন্ন এলাকায় বাজারজাতকরণের কথা অকপটে স্বীকার করেছে।
নিয়ামতপুর থানা পুলিশ জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলা জুড়ে মাদকের রুট ও আস্তানা নির্মূলে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।





















