রাজশাহীতে মনোজ কুমার
সংস্কৃতি ও পারস্পরিক আস্থাই ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক আস্থার গভীর ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত যোগব্যায়াম কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন।
মনোজ কুমার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐতিহ্য ও সংস্কৃতির মিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি যোগব্যায়ামের ইতিহাস, শারীরিক ও মানসিক সুস্থতায় এর গুরুত্ব এবং বিশ্বজুড়ে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গাজিউর রহমান।
এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।




















