অবৈধ পুশইনের বিরুদ্ধে সরকার, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশইন বা পুশ-ব্যাক মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে আটক রেখে পুশইনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের খবর সরকারের নজরে এসেছে। তবে কোনো দেশের নাগরিককে ফেরত পাঠাতে হলে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং সে বিষয়ে প্রয়োজনীয় পরিচয় ও তথ্য যাচাই করা হয়, তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি জানালে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, বর্তমানে এ ধরনের কোনো তালিকা বা অনুরোধ সরকারের কাছে মুলতবি নেই। অতীতে কোনো বিষয় থেকে থাকলেও তা আইনসম্মত উপায়ে নিষ্পত্তি করা হবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না। কারণ আগাম তথ্য ফাঁস হলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় সমস্যা সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাসরত সাধারণ মানুষকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে সরকারি প্রয়োজনে ওই জমি ব্যবহার করতে হলে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে এলাকাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান বা আস্তানা থাকতে দেওয়া হবে না এবং সেগুলো নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি সাক্ষীদের আদালতে হাজির করার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে।
তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য থেকে বিরত থেকে তিনি বলেন, দ্রুত বিচার সম্পন্ন হওয়া সবার প্রত্যাশা। সরকার সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, তবে মামলার রায় ও বিচারিক সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত।
মামলার তদন্তে নতুন কোনো ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে।




















