মাহদী আমিন
প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ দফা নির্দেশনা বাস্তবায়নের ফলে এবারের ঈদুল আজহার ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন জানান, ঈদকে সামনে রেখে নির্বিঘ্ন যাত্রা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনে শৃঙ্খলা, চাঁদাবাজি দমন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখাসহ ১০টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের ফলে ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জনসেবামুখী প্রশাসনের প্রতিফলন ঘটেছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কার্যক্রম তদারকি করেছেন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে তিনি নিজে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া উচিত, যাতে ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের ক্ষতি না হয়।
সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ঈদ উপলক্ষে বর্ধিত ছুটি, শ্রমিকদের সময়মতো বেতন-ভাতা প্রদান, পশুর বাজার ব্যবস্থাপনা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনে শৃঙ্খলা, চাঁদাবাজি দমন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিত্যপণ্যের বাজার তদারকির মাধ্যমে সার্বিকভাবে সফল ঈদ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





















