অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রকৌশলী সাময়িক বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
তদন্তাধীন অভিযোগগুলোর মধ্যে রয়েছে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অভিযোগগুলোর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে এবং বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয় বলে মনে করেছে কর্তৃপক্ষ।
এ কারণে গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত রাখা হবে।
ডিএসসিসি জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত দপ্তর আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।





















