ফরম পূরণে বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফের সুযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে ১৬ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। একই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময় ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী তখনও ফরম পূরণ করতে পারেনি। তাদের কথা বিবেচনায় নিয়েই এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে এবং লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষা। আর শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।




















