ফ্যাসিবাদ কোনো রূপেই আর ফিরতে পারবে না: মাহফুজ আলম
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের এখন সাংগঠনিক শক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে মনোযোগ দিতে হবে। তার মতে, ফ্যাসিবাদ কোনো রূপেই আর ফিরে আসতে পারবে না।
সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের ভূমিকা এবং প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, আওয়ামী লীগ প্রসঙ্গে বর্তমানে যে রাজনৈতিক আলোচনা চলছে, তা মূলত বড় দুই দলের অনিরাপত্তাবোধের প্রতিফলন। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা ও পারস্পরিক অবিশ্বাস থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে বহুদলীয় গণতন্ত্রের চর্চা করবে এবং জামায়াত নিজস্ব অবস্থানে থাকবে—এমন ধারণা অনেকের থাকলেও প্রকৃত চ্যালেঞ্জ তাদের জন্য, যারা আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন করেছেন।
মাহফুজ আলমের মতে, বর্তমান প্রজন্ম নিজেদের শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর পরিবর্তে ক্ষুদ্র স্বার্থ ও বিভাজনের মধ্যে ব্যস্ত। তিনি তরুণদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের সীমা অতিক্রম করে বৃহত্তর সামাজিক ও প্রাতিষ্ঠানিক শক্তি গড়ে তুলতে হবে।
তিনি আরও লেখেন, অতীতের বিভিন্ন সময়ে তরুণদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং তাদের শক্তিকে বিভক্ত করা হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দীর্ঘমেয়াদি ঐক্য ও সংহতির ভিত্তি তৈরি করতে হবে।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, মতাদর্শগত বিতর্ক থাকতেই পারে, তবে ব্যক্তি আক্রমণ ও বিদ্বেষের চর্চা পরিহার করা প্রয়োজন। জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “আমরা নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি। সেই সাহসের সঙ্গে এখন সাংগঠনিক শক্তি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা যুক্ত করতে হবে। ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না।”





















