মায়ের কবরের পাশেই শায়িত হবেন তোফায়েল আহমেদ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী Tofail Ahmed-এর প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ জুন) তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের সদস্য ও ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। জীবনের শেষ সময়ে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুনরায় হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে।
ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, মঙ্গলবার হেলিকপ্টারযোগে মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদ দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।






















