সারা দেশে তাপমাত্রা বাড়ার আভাস, কোথাও বৃষ্টির সম্ভাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দেশের তাপমাত্রা মোটামুটি একই ধরনের থাকতে পারে। এ সময় বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















