দুই ঘন্টা পুড়ে নিভলো কালশী বস্তির আগুন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
রাজধানীর কালশী বস্তি এলাকায় লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মোট ১৫টি ইউনিট মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার জানান, আগুন নিয়ন্ত্রণে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার কাজ করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
তিনি বলেন, এলাকার সংকীর্ণ রাস্তা এবং পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করা হবে।






















