দেখতে একরকম ১০ গরু, এলাকায় চাঞ্চল্য
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে ব্যতিক্রমী এক খামার এখন স্থানীয়দের দৃষ্টি কাড়ছে। সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলামের গড়ে তোলা এই খামারে রয়েছে একই জাত, রঙ ও আকৃতির ১০টি ফ্রিজিয়ান গরু, যেগুলো দেখতে প্রায় একরকম হওয়ায় দূর থেকে আলাদা করা কঠিন।
খামারির ছেলে সাকিব শেখ জানান, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন হাট থেকে বাছাই করে একই ধরনের গরু সংগ্রহ করা হয়েছে। প্রতিটি গরুর ওজন ৬ থেকে ৮ মণের মধ্যে। এবারের কোরবানিতে একটি গরু নিজেদের জন্য রাখা হবে এবং বাকি ৯টি বিক্রি করা হবে।
খামারি শহিদুল ইসলাম বলেন, শখের শুরু হলেও এখন এটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। একই রঙ ও গড়নের গরু সংগ্রহ ও পালন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে এসব গরুর জন্য খামারে আলাদা চাহিদা তৈরি হয়েছে এবং পাইকাররা সরাসরি এসে কিনে নিয়ে যান বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, একসঙ্গে এতগুলো একই রঙ ও গঠনের গরু আগে কখনো দেখা যায়নি। ব্যতিক্রমী এই খামারটি ইতোমধ্যে এলাকায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাইকারদের ভাষ্য অনুযায়ী, পরিচর্যা ও স্বাস্থ্যগত দিক থেকে গরুগুলো ভালো হওয়ায় বাজারে এসব পশুর আলাদা চাহিদা রয়েছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটে পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত সরবরাহের সক্ষমতাও রাখে।





















