নারী এমপিদের সংসদে সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যভিত্তিক জ্ঞান অর্জন জরুরি। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সজাগ থাকতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে জনগণ নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে ছিল এবং এখন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে।
সভায় উপস্থিত নারী সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অগ্রাধিকার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে বিএনপি দলীয় সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, আগামী সংসদ অধিবেশনের আগে দলীয়ভাবে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি ৩৬টি আসন লাভ করেছে।




















