সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের
ইসলামপুরে গোরস্থানের নামে জমি দখলের অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে গোরস্থানের নামে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর এলাকার টংগের আগলা গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শওকত আলীর পরিবার।
সংবাদ সম্মেলনে শওকত আলীর কন্যা মেরী আক্তার অভিযোগ করে বলেন, টংগের আগলা মৌজার উত্তর পাড়া রেললাইন সংলগ্ন ৩৬ শতাংশ জমি তারা সিএস মালিকদের ওয়ারিশদের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে ক্রয় করেন। তবে আরএস ও বিএস জরিপে ভুলবশত জমিটি তাদের তিন চাচা—নুর ইসলাম চুন্নু, খাইরুল ইসলাম ও মোহাম্মদ আলীর নামে রেকর্ড হয়।
তিনি জানান, পরবর্তীতে চাচা মোহাম্মদ আলী তার অংশ থেকে ২৪ শতাংশ জমি সংশোধনী রেজিস্ট্রির মাধ্যমে তাদের কাছে ফিরিয়ে দেন। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকাকালীন অন্য চাচারা একই জমির ২৪ শতাংশ অংশ আ. মজিদ ও রহমতউল্লাহদের কাছে বিক্রি করে দেন।
মেরী আক্তার অভিযোগ করেন, ক্রেতারা আদালতে নোটিশ পাওয়ার পরও জোরপূর্বক জমিটি দখল করে নেয় এবং স্থানীয় কিছু লোকের সহায়তায় সেটিকে গোরস্থান হিসেবে ব্যবহার শুরু করে। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে ডিক্রি দিলেও বিবাদীপক্ষ দখল ছাড়েনি।
তিনি আরও বলেন, “আমাদের জমিতে জোর করে কবর দেওয়া হয়েছে, কলার বাগান নষ্ট করা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে। জমিতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।”
ভুক্তভোগী পরিবার জানায়, তারা ইতোমধ্যে ভূমি অপরাধ আইনে মামলা দায়ের করেছে। নিরাপত্তাহীনতায় দিন কাটানো এই পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়াউল হকসহ অন্যরা বলেন, তারা বৈধভাবে জমি ক্রয় করে গোরস্থান স্থাপন করেছেন এবং বিরোধ নিষ্পত্তির জন্য তারাও আদালতের শরণাপন্ন হয়েছেন।






















