তাপপ্রবাহ কমছে, তিন দিনের মধ্যে স্বস্তির বৃষ্টি সম্ভাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তার কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে ছয় জেলা থেকে তাপপ্রবাহ সরে গিয়ে বর্তমানে ২১ জেলায় সীমিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী তিন দিনের মধ্যে তাপপ্রবাহ পুরোপুরি কেটে যেতে পারে। এরপর শুরু হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের ৪০ ডিগ্রির তুলনায় কম।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার পর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও তাপপ্রবাহের প্রভাব কিছুটা অব্যাহত থাকতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
রোববার (২৬ এপ্রিল) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) থেকে প্রায় সারাদেশেই বৃষ্টির বিস্তার বাড়তে পারে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমে স্বস্তি ফিরতে পারে।





















