ইসলামপুরে সেডঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে সেড ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মলমগঞ্জ বাজারের ১৭৪৫ নম্বর দাগে খাস খতিয়ানভুক্ত জমির ওপর দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি দোকান পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রভাতী প্রকল্পের আওতায় প্রায় ৬৩ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে বাজার উন্নয়ন কাজ শুরু হলে সেখানে জটিলতা তৈরি হয়।
জমির মধ্যে আম্বিয়া বেগম নামে এক বিধবা নারীর ব্যক্তিগত দাবি থাকায় কাজ কিছুদিন বন্ধ থাকে। পরে বুধবার ভূমি অফিসের তহসিলদার ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমির পরিমাপ শুরু করা হয়।
এ সময় আম্বিয়া বেগমের পক্ষ থেকে তার ভাতিজা আতিকুর রহমান দাবি করা অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলেন। তবে উপস্থিত অন্যরা খাস জমিতে ব্যক্তিগত মালিকানার দাবি কীভাবে সম্ভব—এ প্রশ্ন তুললে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ধ্যায় সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
সংঘর্ষে মোজাআটা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোবারক হোসেন (৪৫), গেল্লা শেখের ছেলে ছাবিল শেখ, সোনাউল্লাহর ছেলে সাধু মিয়া এবং পাথর্শী গ্রামের মোর্শেদ আলমের ছেলে পারভেজ আলী আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মলমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি সামছুল হক প্রধান বলেন, “আম্বিয়া নামে এক মহিলাকে সামনে রেখে একটি মহল দীর্ঘদিন ধরে খাস জমি দাবি করে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।”
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, “উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






















