সাগর-রুনি হত্যা: বাবা-মা হত্যার বিচার চাইতে শিখেছে মেঘ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
সাংবাদিক সাগর রুনিকে হত্যার সময় ছোট্ট মেঘের বয়স ছিলো চার বছর। দেখতে দেখতে মেঘ বড় হয়ে এখন সতেরোতে। ছোট্ট শিশুটি এখন বাবা-মা হত্যার বিচার চাইতে শিখেছে, কিন্তু সাগর রুনি হত্যার বিচার তো আলোর মুখই দেখেনি, বরং ১৩ বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ১১৫ বার। কিন্তু অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে চায় মেঘ।
তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘণ্টায় দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিলেও ২০১২ থেকে ১৮ ছয় বছর র্যাবের হাতে থাকা তদন্তের ফল ছিল ‘শূন্য’। সাগর রুনি পরিবারের অভিযোগ, সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই, এগোয়নি তদন্ত।
২০১৮ সালে দায়িত্ব পাওয়ার পর থেকে ডিএনএ সূত্র ধরে দুজন সন্দেহভাজনকে খুঁজছে পিবিআই। এর আগে সাগর রুনিকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা জানিয়েছিল র্যাব।
মোবাইলে কথা বলার সূত্র ধরে রুনির কথিত বন্ধু তানভীর রহমান ও বাড়ির দুই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তারও করা হয়। বিভিন্ন পর্যায়ের মোট ১৬০ জনকে জিজ্ঞাসাবাদও করা করে তারা; কিন্তু খুনি শনাক্তের জন্য কার্যকর সূত্র পায়নি সংস্থাটি।
সহকর্মী হত্যার বিচার চেয়ে ১৩ বছর ধরেই আওয়াজ তুলছেন সাংবাদিকরা। বিনিময়ে বিচারের কোনো অগ্রগতির বিপরীতে আন্দোলনকারীদেরই ওপর হামলা করেছে আওয়ামী লীগ সরকারে পুলিশ।
৫ আগস্টের পর সাগর-রুনি হত্যা মামলা বিশেষ তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত কার্যক্রম পরিচালনায় গঠন হয়েছে টাস্কফোর্স। তবুও কোনো ক্লু না পেয়ে এরইমধ্যে দুবার পিছিয়েছে মামলার তদন্ত প্রতিবেদন।
মঙ্গলবার ডিআরইউ আয়োজিত ১৩ বছর পূর্তিতে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, সাগর রুনি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, এটা বিচারহীনতা ও সাংবাদিকদের টুঁটি চেপে ধর। ২০২৫ সালের মধ্যেই সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি জানান সাংবাদিকরা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর এ মামলার দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির। তিনি বলেন, আগামী ৪ এপ্রিল টাস্কফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে৷ এই মামলা তদন্তে কারা বাঁধা সৃষ্টি করেছেন তা বের হয়ে আসবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত ১৩ বছরে সাগর-রনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। মামলার তদন্ত আইনি ভাবে চলতে দেয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকার তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করবেন এমন প্রত্যাশা সবার।























