ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
তিন মাসে বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা; সরকারি ব্যাংকে কমলেও বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা
ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কিছুটা কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা। এ সময়ে এসব ব্যাংকে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সরকারি ব্যাংকে ঋণ কমার প্রভাব সামগ্রিক চিত্রে পড়েনি। বরং বেসরকারি ব্যাংকের ঋণ বৃদ্ধির কারণে পুরো ব্যাংক খাতেই খেলাপি ঋণের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে।
বেসরকারি ব্যাংকে চাপ বাড়ছে
খেলাপি ঋণের মোট পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতে ঋণ আদায় ও ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে মাত্র তিন মাসে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা খেলাপি ঋণ বৃদ্ধি আর্থিক খাতের জন্য নতুন চাপ তৈরি করেছে।
ব্যাংক খাতের এ পরিস্থিতিতে ঋণ আদায় জোরদার করা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করার বিষয়গুলো আবারও সামনে এসেছে।


























