মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মালিকানা দাবি করে হাইকোর্টে মামলা রুশ কোম্পানির; ১৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া জাহাজটির স্ক্র্যাপিং বন্ধ, বহির্নোঙরে নজরদারি
যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী একটি ট্যাংকার মার্কিন আদালতের নিলামে বিক্রির পর স্ক্র্যাপ হিসেবে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত আটকে গেছে চট্টগ্রাম বন্দরে। জাহাজটির মালিকানা দাবি করে বাংলাদেশের হাইকোর্টে মামলা করেছে রাশিয়ার একটি প্রতিষ্ঠান। আদালতের আদেশে বন্ধ রয়েছে জাহাজ ভাঙার কার্যক্রম। এতে প্রায় ১৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ ও মালিকানা ফিরে পাওয়ার দাবি ঘিরে জটিলতায় পড়েছে জাহাজটি কেনা প্রতিষ্ঠান পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রি।
যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে জাহাজটির নাম ‘এম/টি বেলা ১’; বাংলাদেশের আদালতের নথিতে এটি ‘এম/টি এরা’ নামে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেশন (জিএমএস) মার্কিন আদালতের নিলাম থেকে ট্যাংকারটি কেনে। পরে স্ক্র্যাপ করার জন্য বাংলাদেশে পিএইচপির কাছে বিক্রি করে। তবে এই বিক্রির বৈধতা চ্যালেঞ্জ করেছে রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি।
নিজেদের প্রকৃত মালিক দাবি করে জাহাজটির দখল ফিরে পাওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ৮৫ সেন্ট ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় দাবির পরিমাণ প্রায় ১৩৩ কোটি টাকা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর জাহাজটি আটকের পরোয়ানা জারি করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
বহির্নোঙরে নজরদারি, বন্ধ ভাঙার কাজ
বর্তমানে ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নজরদারিতে রয়েছে। আদালতের আদেশের কারণে জাহাজটির স্ক্র্যাপিং কার্যক্রম বন্ধ। পিএইচপি কর্তৃপক্ষের ভাষ্য, জাহাজটি এখনো তাদের বুঝিয়ে দেওয়া হয়নি। এটির বিপরীতে খোলা ঋণপত্রের (এলসি) অর্থও ছাড় করা হয়নি।
জিএমএসের বাংলাদেশ প্রতিনিধি এবং স্থানীয় শিপিং এজেন্সি আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে জাহাজটির বিরুদ্ধে মামলা হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষ জাহাজটি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর আদালতের নিলামে বিক্রি করে। জিএমএস সেই নিলাম থেকে জাহাজটি কিনে বাংলাদেশে বিক্রি করে।
পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আমদানিকারক জহিরুল ইসলাম রিংকু জানান, বাংলাদেশ শিপ রি-সাইক্লিং বোর্ডের অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার পরই তাঁরা আমদানি প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। তবে জাহাজটি বুঝে না পাওয়ায় এলসির অর্থ ছাড় করা হয়নি। হাইকোর্টে অ্যাডমিরালটি মামলাটি বিচারাধীন থাকায় তাঁরা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন।
নিষেধাজ্ঞার তালিকায় ছিল ট্যাংকার
২০০২ সালে নির্মিত তেলবাহী ট্যাংকারটি অতীতে ‘বেলা ১’ ও ‘মারিনেরো’ নামে পরিচিত ছিল। ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক) জাহাজটিকে কালো তালিকাভুক্ত করে।
২০২৬ সালের শুরুর দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার পর ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নজরদারিতে আসে। টানা দুই সপ্তাহ অনুসরণের পর ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে রাশিয়ার পতাকাবাহী জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী।
পরে স্কটিশ জলসীমায় আটকে রাখার পর এপ্রিল মাসে জাহাজটি মেক্সিকো উপসাগরে নিয়ে যাওয়া হয়। মার্কিন কোস্ট গার্ডের নির্দেশ অমান্য করার অভিযোগে জাহাজটির ক্যাপ্টেন মার্কিন ফেডারেল আদালতে দোষ স্বীকার করেন। এরপর ট্যাংকারটির নাম পরিবর্তন করে ‘এম/টি এরা’ রাখা হয় এবং কমোরোসের পতাকাবাহী করা হয়।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ওফ্যাকের জারি করা বিশেষ লাইসেন্সের অধীনে জাহাজটি নিষ্পত্তির অনুমোদন পায়। পরে ২০২৬ সালের ১২ মে ‘এম/টি ভেরোনিকা’ নামের আরেকটি ট্যাংকারের সঙ্গে বেলা ১-ও জিএমএসের কাছে বিক্রি করে মার্কিন বিচার বিভাগ। এরপর জাহাজটি ভাঙার জন্য বাংলাদেশে বিক্রি করা হলে পিএইচপি এর ক্রেতা হয়।
মালিকানা নিয়ে ১৩৩ কোটি টাকার বিরোধ
যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির সিদ্ধান্তের পরও জাহাজটির মালিকানা নিয়ে আপত্তি তুলেছে রাশিয়ার বুরেভেস্টমারিন এলএলসি। ২০২৬ সালের ৪৪ নম্বর অ্যাডমিরালটি মামলায় প্রতিষ্ঠানটি জাহাজটির মালিকানা ঘোষণা, দখল ফিরে পাওয়া এবং ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ৮৫ সেন্ট ক্ষতিপূরণ দাবি করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, ট্যাংকারটির বৈধ মালিক তারা। ফলে জিএমএসের কাছে মার্কিন কর্তৃপক্ষের বিক্রি এবং পরে জিএমএসের কাছ থেকে পিএইচপির কেনার প্রক্রিয়া অবৈধ। এই দাবি আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাজটির ভবিষ্যৎ অনিশ্চিত থাকছে।
তেল ও বর্জ্য স্থানান্তর নিয়ে অভিযোগ
বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর অনুমোদন ছাড়া তেল স্থানান্তর ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগেও কোস্টগার্ডের নজরদারিতে আসে ট্যাংকারটি।
কোস্টগার্ডের নথি অনুযায়ী, ভারতীয় নাগরিক ক্যাপ্টেন সঞ্জয় বাদোনির নেতৃত্বে গত ১১ অক্টোবর জাহাজটি কুতুবদিয়া উপকূলে পৌঁছায়। তদন্তকারীদের অভিযোগ, ট্যাংকারটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল খালাস করা হয়।
গত ১৯ ও ২৩ অক্টোবর অভিযান চালিয়ে কোস্টগার্ড দেখতে পায়, প্রায় ৭৫০ টন জ্বালানি তেল, তেলের গাদ বা স্লাজ এবং বর্জ্য ‘এম/টি হজরত ওমর কুরুনি’ ও ‘এম/টি সীমা গিরি’ নামের দুটি দেশীয় লাইটার জাহাজে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া মূল ট্যাংকারে আরও প্রায় ২০০ টন জমাটবদ্ধ স্লাজ এবং ৫০ টন তৈলাক্ত নোংরা পানি ও অপরিশোধিত বর্জ্য পাওয়া যায়।
কোস্টগার্ডের সতর্কবার্তায় বলা হয়েছে, এ ধরনের বিপজ্জনক উপাদান অনিয়ন্ত্রিতভাবে খালাস করা হলে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হতে পারে।
তবে তেল ও স্লাজ স্থানান্তরের অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম। তাঁর দাবি, ‘তেল ও স্লাজ স্থানান্তরের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো ভিত্তি নেই।’
কাস্টমসের আলাদা আইনি পদক্ষেপ
ট্যাংকারটি এবং এর স্থানীয় শিপিং এজেন্ট আরএস শিপিং ও এইচএম শিপিংয়ের বিরুদ্ধে পৃথক আইনি প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
গত ৪ নভেম্বরের এক বিজ্ঞপ্তিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বন্দরে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে জাহাজটি আমদানি-সংক্রান্ত তথ্য বা ইমপোর্ট ম্যানিফেস্ট জমা দিতে ব্যর্থ হয়েছে। এতে কাস্টমস আইন ২০২৩-এর ৪৮ ধারা এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার নিয়ম লঙ্ঘিত হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমীন বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জাহাজ থেকে অনুমতি ছাড়া পণ্য বা সামগ্রী নামানোর মতো অপরাধের ক্ষেত্রে আইনে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এদিকে মালিকানা নিয়ে মামলা, তেল ও বর্জ্য স্থানান্তরের অভিযোগ এবং কাস্টমসের আইনি পদক্ষেপ—সব মিলিয়ে ট্যাংকারটির আমদানি ও স্ক্র্যাপিং প্রক্রিয়া একাধিক জটিলতায় আটকে গেছে। আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিএইচপির কেনা জাহাজটির ভবিষ্যৎ নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।






















