টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় চাষে নেমেছিলেন কৃষকেরা; কোথাও বীজ পচে যাওয়ার ভয়, কোথাও বন্ধ রোপণ, পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা
গত দুই বছরের লোকসান কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন জয়পুরহাটের কালাই ও ক্ষেতলালের আলুচাষিরা। ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশায় অনেকেই জমি প্রস্তুত করে শুরু করেছিলেন আলু রোপণ। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মৌসুমের শুরুতেই তাঁদের সেই স্বপ্নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোথাও সদ্য রোপণ করা আলুর জমিতে পানি জমেছে, কোথাও আবার জমি প্রস্তুত করেও শুরু করা যাচ্ছে না রোপণ। এতে নতুন করে লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আলু চাষের জন্য প্রস্তুত করা জমির বেডে বৃষ্টির পানি জমে আছে। কোথাও কোথাও জমির আইল উপচে পানি ছড়িয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় কৃষকেরা তা নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের আশঙ্কা, দীর্ঘ সময় পানি জমে থাকলে আলুর বীজ পচে যেতে পারে। নষ্ট হতে পারে সদ্য গজানো গাছও।
বীজ, সার ও শ্রমিকের খরচ নিয়ে দুশ্চিন্তা
খলিশাগাড়ি মাঠের মুন্দাইল গ্রামের কৃষক আব্দুল লতিফ ২০ শতক জমিতে এস্টারিক্স জাতের আলু রোপণ করেছেন। তিনি বলেন, প্রতি বিঘায় চার থেকে পাঁচ বস্তা বীজ প্রয়োজন হয়। বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচের খরচ মিলিয়ে আলু উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। এবার ভালো ফলনের আশায় চাষ শুরু করলেও টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
ধনকুড়াইল গ্রামের কৃষক শাজাহান বলেন, গত দুই বছর আলু চাষ করে ভালো দাম পাননি। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হয়েছে। এবার নতুন আশা নিয়ে চাষ শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় সেই আশাও ম্লান হতে বসেছে।
হিন্দা পশ্চিম ইটাইল গ্রামের সাইদুর রহমান এবং সাগরামপুর গ্রামের কৃষক এরফান ও ফরিদ জানান, বৃষ্টির কারণে কোথাও আলু রোপণ বন্ধ রয়েছে। আবার যেসব জমিতে আলু রোপণ করা হয়েছে, সেগুলোতে পানি জমে বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই দ্রুত জমি থেকে পানি সেচে বের করার চেষ্টা করছেন তাঁরা।
লক্ষ্যমাত্রার তুলনায় আবাদ কম
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ক্ষেতলালে ৮ হাজার ১৯৫ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১ হাজার ৩৮৭ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। গত মৌসুমে উপজেলায় ৮ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল।
কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় এখন পর্যন্ত আবাদ হয়েছে প্রায় ১৭ শতাংশ জমিতে। এমন সময়ে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় আবাদ কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।
ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে আলু চাষে কিছুটা সমস্যা হতে পারে। কৃষকদের দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে দীর্ঘ সময় পানি জমতে দেওয়া যাবে না। আবহাওয়া অনুকূলে এলে আলু রোপণ কার্যক্রম স্বাভাবিক হবে। ক্ষতিগ্রস্ত জমির বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
দুই মৌসুমের লোকসানের চাপ নিয়ে নতুন করে আলু চাষে নামা কৃষকদের কাছে এখন বড় চ্যালেঞ্জ জমির পানি সরানো এবং বীজ রক্ষা করা। বৃষ্টির প্রভাব দীর্ঘায়িত হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের বিনিয়োগ ঝুঁকিতেও পড়তে পারে।
























