বিতর্কিত বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার: বিজিবি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সেক্টরের ২৪৩ কিলোমিটার সীমান্তে নজরদারি জোরদার; নতুন করে বসানো হচ্ছে ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট
বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন।
সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অবস্থানের কথা জানান।
কর্নেল নাসির উদ্দীন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন বাহিনীর সদস্যরা। সীমান্তে অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।’
ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারিতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। জনবল বাড়িয়ে প্রতিটি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। তবে গোয়েন্দা নজরদারি, মাঠপর্যায়ের তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওই এলাকাগুলোতে সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।
তিনি জানান, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিএফআই ও এনএসআইয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুশইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে সেক্টর কমান্ডার বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানবপাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে কর্নেল নাসির উদ্দীন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা কিংবা সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।
দেশের সীমান্ত সুরক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






















