জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে জমি থেকে কলই তোলা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জসীমউদ্দীনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার গয়েশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ ওই গ্রামের হানিফ আলীর ছেলে। অভিযুক্ত জসীমউদ্দীন একই এলাকার লুৎফর রহমানের ছেলে। নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা মোতালেব হোসেনের অভিযোগ, সকালে বাড়ির পাশের মাঠে কলই তুলতে যান নূর মোহাম্মদ। এ সময় প্রতিবেশী জসীমউদ্দীনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসীমউদ্দীন হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা ও পিঠে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম বলেন, জমির কলই তোলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত জসীমউদ্দীনকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
























