সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাজারে সবজির সরবরাহ বাড়ায় ঝালকাঠিতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে তাঁদের প্রত্যাশা, দাম আরও কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে নিত্যপ্রয়োজনীয় সবজি।
ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৪০ টাকা, বিট ৬০ টাকা, শসা ৫০ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি লাউয়ের দাম রাখা হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা।
দাম কমায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন বাজারে আসা ক্রেতারা। তাঁদের মতে, কয়েকটি সবজির দাম কমলেও এখনো অনেক পণ্যের দাম তুলনামূলক বেশি। বিশেষ করে টমেটো ও গাজরের মতো সবজি কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। দাম আরও কমলে স্বল্প আয়ের মানুষের জন্য বাজার করা সহজ হবে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় দাম কমেছে। এতে ক্রেতারা আগের তুলনায় কম দামে সবজি কিনতে পারছেন। একই সঙ্গে বিক্রির পরিমাণ ভালো থাকায় ব্যবসায়ীরাও লাভের মুখ দেখছেন।
সবজির বাজারে এই নিম্নমুখী প্রবণতা ক্রেতাদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরিয়েছে। তবে শুধু সবজি নয়, চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তাঁরা।





















