তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার ফের ৩ দিনের রিমান্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে গত ১ নভেম্বর দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিসিটিভি ফুটেজে একসঙ্গে চলাফেরার তথ্য
পুলিশের ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তা ও উত্তরা এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, নিহত তাহসিফ গত ২৭ অক্টোবর রাতে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। পরদিন ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরা সিপি ফাইভ স্টার স্ন্যাকসে দিশা এবং মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপসহ (২৩) কয়েকজনকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়।
পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজে আসামিদের চলাফেরা এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির চিত্র পাওয়া গেছে।
হত্যার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ
তদন্তসংশ্লিষ্ট পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আসামিদের পরস্পরবিরোধী বক্তব্য যাচাইয়ের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
এ মামলায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। গত ৩০ অক্টোবর তার চার দিনের এবং ৩ নভেম্বর আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।






















