প্রবীণদের জন্য আলাদা সেল গঠনের আহ্বান রাষ্ট্রপতির

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
প্রবীণ নাগরিকদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পৃথক ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রবীণ নাগরিকদের কল্যাণে কয়েকটি দাবি তুলে ধরে প্রতিনিধিদল। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড়, প্রবীণবান্ধব চিকিৎসাসেবা এবং সার্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালু।
প্রতিনিধিদলের দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন উপস্থিত ছিলেন।





















