বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
রাজধানীর ভাটারায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির দাবি, ওই বাসায় অবৈধ মাদক সেবনের পাশাপাশি ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল।
অভিযানকালে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করে পুলিশ। ঘটনাটি পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসমক্ষে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক ও বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসারে ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।























