গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না করলে ভয়াবহ পরিণতি হবে: ডাকসু ভিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
গণভোটের জনরায় ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মোহাম্মদ আবু সাদিক কাইয়ুম। তিনি অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের পর গঠিত সরকার শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করছে। ইতিহাসে তারেক রহমান ও তাঁর সরকার প্রতারক ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) যশোরে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাদিক কাইয়ুম। যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাকসু ভিপি বলেন, রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিপুলসংখ্যক মানুষ মত দিয়েছিলেন। তাঁদের প্রত্যাশা ছিল, দেশে আর কখনো গুম, খুন, আয়নাঘর ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু বর্তমান সরকার গণভোটের সেই জনরায়ের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারকে সতর্ক করে সাদিক কাইয়ুম বলেন, যারা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তাদের জনগণের মুখোমুখি হতে হবে। এ দেশের মাটিতে শহীদদের রক্তের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সৃষ্ট সংকটের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি।
আগামী দিনের আন্দোলন প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদফা আন্দোলনের ডাক দিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকামুখী পদযাত্রায় অংশ নিতে তাঁরা প্রস্তুত রয়েছেন।
আবু সাঈদ, শহীদ আলী রায়হান ও শহীদ ওসমান হাদীর আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের রক্তের বিনিময়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।






















