জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. আমিন শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ডসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযান চালানো হয়। ভবনটি আনোয়ার নামে এক ব্যক্তির বলে জানা গেছে।
গ্রেপ্তার আমিন শেখ কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলগারচর এলাকার বাসিন্দা। তিনি মৃত আলা বক্সের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দড়িপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আমিন শেখ। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুরকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।






















