বললেন মীর শাহে আলম
রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না বিএনপি

- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জনগণের ভোট ও রায় ছাড়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি। জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার পরিচালনায় বিশ্বাসী দলটি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দিয়েই দলটি রাজনীতি করে। জনগণের অংশগ্রহণ ও সমর্থনের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তাঁর দাবি, রাজনৈতিক চক্রান্তের চেষ্টা উপেক্ষা করে ভোটাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করেছেন। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে যারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সরকারের জবাবদিহির উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন সমস্যায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সরকারের ভুল স্বীকার করে জনগণের কাছে জবাবদিহি করার এই চর্চাকে তিনি বিএনপির রাজনৈতিক সততার পরিচয় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করছেন।
ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিরাপদ খাবার পানি, গ্যাস সুবিধা, প্রাথমিক চিকিৎসা, সড়ক উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের সমর্থন দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং নগরবাসীর প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে ডিএনসিসি। ক্যাম্পে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, টিকাদান, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। সেবাগ্রহীতাদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






















