এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ করবেন যেভাবে, আবেদন ১ নভেম্বর থেকে

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলের পর পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও নিয়মাবলি জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
আবেদন করবেন যেভাবে
পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপর স্ক্রিনে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতি পত্রে ফি ১৫০ টাকা
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। নির্বাচিত বিষয় অনুযায়ী মোট ফি পরবর্তী স্ক্রিনে দেখানো হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের (ডিবিবিএল) রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। অর্থ পরিশোধের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন অনুসরণ করতে হবে।
ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এ ধাপ সম্পন্ন হলেই আবেদন জমা হবে।
একবার আবেদন করেও বিষয় যোগ করা যাবে
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পরও নতুন করে অন্য কোনো বিষয় যুক্ত করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে আগের মোবাইল নম্বরই ব্যবহার করতে হবে; নতুন করে নম্বর দেওয়ার প্রয়োজন নেই।
তবে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।
একবার কোনো বিষয়ের ফি জমা দেওয়া হলে সেই বিষয় আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
সরাসরি আবেদন গ্রহণ করা হবে না
শিক্ষা বোর্ড জানিয়েছে, পুনর্নিরীক্ষণের জন্য ম্যানুয়ালি বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন ও ফি পরিশোধ করতে হবে।





















