৩০ হাজার টাকা মজুরির দাবিতে অবরোধ, ১৩ কিমি এলাকার কারখানা ছুটি

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ। বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধের পর কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে প্রথমে ইন্টারস্টপ কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
মহাসড়ক অবরোধের কারণে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার পোশাক কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুপুরের পর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে সড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়াতেও বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকেরা।
সেখানে বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।






















