সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদা দাবি, মৌলভীবাজারে দুই যুবক গ্রেফতার

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে মৌলভীবাজারে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের মতো একটি প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করে ওই দুই যুবক বিভিন্ন স্টলে ঘুরতে থাকে। এ সময় তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়।
অভিযোগ রয়েছে, তারা সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি দেখায়। পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরা ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি দেখিয়ে স্টল মালিকদের কাছে নিজেদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করে।
একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের কাছে চাঁদা হিসেবে টাকা দাবি করে। টাকা না দিলে গ্রেফতার ও হয়রানির ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
বিষয়টি সন্দেহ হলে মেলায় থাকা ব্যবসায়ী ও দর্শনার্থীরা দুই যুবককে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে হেফাজতে নেয় এবং ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করে।
মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
























