রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় সৃজনশীল প্রতিযোগিতা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
‘নারী ও কন্যাশিশুর সুরক্ষা সুনিশ্চিত করি, সহিংসতা ও বৈষম্যমুক্ত নিরাপদ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের আয়োজনে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কেও সচেতন করে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
























