হাদির নামফলক সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও ফিরছে আগের নাম। কিছুদিন ধরে থাকা ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা নামফলক বসানো হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়।
এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। পোস্টে তিনি লেখেন, হলের সামনে এসে অনেকেই নাম পরিবর্তনের কারণে বিভ্রান্ত হচ্ছেন। এখন থেকে সেই বিভ্রান্তি থাকবে না এবং আগের নামফলক সরিয়ে ফেলা হচ্ছে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি হল অফিসে গিয়ে যথাযথ তথ্য নেওয়ার কথা বলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। এবার সেই নামফলক সরিয়ে পুরোনো নাম ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হলো।





















