পাবনায় মিছিলের প্রস্তুতির অভিযোগে আ’ লীগের ১৫ নেতাকর্মী আটক

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
পাবনায় নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশের দাবি, মাইক্রোবাসে করে শহরে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এবং নাশকতার পরিকল্পনা ছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগেও আটক হয়েছিলেন আব্দুল ওহাব
আব্দুল ওহাবকে এর আগে আরও দুবার আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে তোলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছিল। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হন। তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে আবার গ্রেপ্তার করা হয়।
পরে জামিনে মুক্ত হয়ে সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রমে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের ২৩ এপ্রিল রাতে উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে কয়েক সপ্তাহের মধ্যে তারা জামিনে মুক্তি পান।
বুধবারের আটকের পর আব্দুল ওহাবকে নিয়ে ৫ আগস্ট-পরবর্তী সময়ে মোট তিনবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার কথা জানা গেছে।

























