সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব

- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিএফআইইউর চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি নথি এবং লেনদেনের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরবর্তী ৩০ মিনিটের মধ্যে এসব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
স্টুডিওতে হামলা-লুটের পরই আর্থিক তথ্য তলব
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘নিউ গিনি প্রপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে সালমান মুক্তাদির এ ঘটনার জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন এবং চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে একই লাইভে তিনি বলেন, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেননি।
অন্যদিকে পুলিশ তার চাঁদাবাজির অভিযোগ নাকচ করেছে। পুলিশের ভাষ্য, জমি-সংক্রান্ত বিরোধের জেরেই ওই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীদের মূল লক্ষ্য সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না।





















