জানালেন স্বাস্থ্যমন্ত্রী
জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

- সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে এবারই প্রথম সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। সে সময় যেসব চিকিৎসা সরঞ্জাম ও মেশিন আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ব্যবহার উপযোগী নয় বলেও দাবি করেন তিনি।
তার অভিযোগ, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয় হলেও তার যথাযথ সুফল পাওয়া যায়নি।
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক এড়িয়ে চলা, অতিরিক্ত লবণ ও প্রসেসড খাবার কমানো এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও হৃদরোগের সতর্কসংকেত উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





















