মণিরামপুরে ২৫ বাড়িতে আগুনের খবর ‘ভিত্তিহীন’, বলছে যশোর পুলিশ

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
যশোরের মণিরামপুরে সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের খবরকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন জেলা যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মণিরামপুরের সনাতনী পল্লীতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের যে ভিডিও প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। যশোর জেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অপপ্রচারের মাধ্যমে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ের শেষ পর্যায়ে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে পুলিশ বলে, ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।’


























