ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০ নারিকেল চারা রোপণ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বরিশাল বিভাগে পাঁচ বছরে এক লাখ নারিকেল চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে ২০০টি নারিকেল চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নারিকেল উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঝালকাঠির ধানসিঁড়ি ইকো ভিলেজে নারিকেল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে ঝালকাঠি পৌরসভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিকল্পিতভাবে নারিকেল চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নারিকেল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। এ উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও পরিবেশগত সুফল বয়ে আনবে বলেও তিনি উল্লেখ করেন।


























