একাদশে ভর্তি: নিশ্চায়ন না করলে বাতিল হবে নির্বাচন, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। এবারের ধাপে কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী। তবে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ২ হাজার ২০৫।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের নির্বাচন ও আবেদন—দুটিই বাতিল হয়ে যাবে।
নিশ্চায়ন করতে হবে ১৮ সেপ্টেম্বরের মধ্যে
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ৩৪০ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে আসন নিশ্চিত করতে হবে।
নিশ্চায়নের জন্য একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের প্রোফাইলে লগইন করতে হবে। এরপর ‘নিশ্চায়ন’ বা ‘Confirmation’ অপশনে গিয়ে নির্দেশনা অনুযায়ী অনুমোদিত পেমেন্ট মাধ্যমে ফি জমা দিতে হবে।
ফি পরিশোধের পর ট্রানজেকশন আইডি ও পেমেন্টের এসএমএস সংরক্ষণ করতে হবে। পরে আবার প্রোফাইলে ঢুকে নিশ্চায়ন সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন।
কোনো কারণে টাকা কেটে নেওয়ার পরও স্ট্যাটাস আপডেট না হলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় লগইন করতে হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত ট্রানজেকশন আইডি কাজে লাগবে।
ভর্তির সময় লাগবে যেসব কাগজপত্র
নিশ্চায়ন শেষ হলে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজ বা মাদ্রাসায় গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র।
সাধারণত যেসব নথি প্রয়োজন হয়—
- এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও সনদের কপি
- এসএসসি প্রবেশপত্রের কপি
- ২ থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি
- অনলাইন আবেদনের কনফারমেশন পত্র
- শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর
তবে প্রতিষ্ঠানভেদে অতিরিক্ত কিছু কাগজপত্র চাওয়া হতে পারে। তাই ভর্তি নেওয়া কলেজ বা মাদ্রাসার নিজস্ব নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলেজে ভর্তি ২০ থেকে ২২ সেপ্টেম্বর
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হবে।
এরপর আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে

























