দুই ছেলের হাত ধরে বিয়ের আসরে জেমিমা, দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বার বিয়ের পর প্রথমবারের মতো বিয়ের কিছু ছবি প্রকাশ করেছেন। ২২ বছর একা থাকার পর ব্রিটিশ এই প্রযোজক ও লেখক বিয়ে করেছেন ক্যামেরন ও’রেইলিকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা যায়, সাদা গাউন পরা জেমিমাকে বিয়ের আসরে নিয়ে যাচ্ছেন তাঁর দুই ছেলে সুলেমান ও কাশেম। মা’কে দুই পাশ থেকে হাত ধরে গির্জার ভেতরে নিয়ে যান তারা।
ছবিতে জেমিমার পরনে ছিল সাদা অ্যাঙ্কেল লেংথ গাউন, আর ক্যামেরন ও’রেইলির পরনে ছিল কালো স্যুট। ধারণা করা হচ্ছে, একটি পুরোনো গির্জায় বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ক্যামেরনের আগের পক্ষের সন্তানরাও উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ছবিও তুলেছেন জেমিমা।
জেমিমা জানিয়েছেন, বিয়ের আসর পর্যন্ত যাওয়ার সময় তাঁর পাশে ছিলেন দুই ছেলে সুলেমান ও কাশেম। তাদের উপস্থিতি এই বিশেষ মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেছে।
ইমরান খানের সঙ্গে জেমিমার বিয়ে হয়েছিল ১৯৯৫ সালে। তখন জেমিমার বয়স ছিল মাত্র ২১ বছর। ইমরানের সঙ্গে বয়সের ব্যবধান থাকলেও দীর্ঘ সময় তিনি তাঁর পাশে ছিলেন। তবে ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পরও বিভিন্ন সময়ে ইমরান খানের পক্ষে কথা বলেছেন জেমিমা। সাবেক স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ ও পারিবারিক সম্পর্ক বজায় ছিল। দীর্ঘদিন তিনি ‘খান’ পদবি ব্যবহার করলেও ২০১৫ সালে ইমরানের দ্বিতীয় বিয়ের পর তা ব্যবহার করা বন্ধ করেন।
জেমিমার নতুন স্বামী ক্যামেরন ও’রেইলি আইরিশ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত। তিনি বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মক্ষেত্রে পরিচয়ের সূত্র ধরেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় বলে জানা গেছে।
অন্যদিকে, ইমরান খান বর্তমানে কারাবন্দি রয়েছেন। তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেই জেমিমার নতুন জীবনের খবর সামনে এলো।



























