যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
২৪২ বছরের ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতিতে শুরু হলো ডিজিটাল ব্যবস্থাপনার নতুন অধ্যায়। সমিতির ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণের পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আধুনিকায়নে চালু করা হয়েছে সমন্বিত ওয়েবসাইট, অনলাইন অটোমেশন সফটওয়্যার ও অ্যাপস। এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন, অনলাইন ফরম ব্যবস্থাপনা এবং ডিজিটাল হিসাবরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
১৭৮৪ সালে যাত্রা শুরু করা এই সমিতির ২৪২ বছরের পুরোনো গ্রন্থাগারে সংরক্ষিত দুর্লভ আইনবিষয়ক বইয়ের তথ্যও ডিজিটাল তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে সমিতির ইতিহাস, ঐতিহ্য, বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট আইনজীবীদের পরিচিতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যভান্ডারে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খাঁন, হাবিবুর রহমান, রওশন আলী, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নূর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল ও এ কে মনজুরুল হকসহ যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের তথ্য ধারাবাহিকভাবে যুক্ত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে যশোরের আইনাঙ্গনের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হবে গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল তথ্যভান্ডার।
ঐতিহাসিক তথ্য সংরক্ষণের পাশাপাশি সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতেও নেওয়া হয়েছে উদ্যোগ। এত দিন প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থাপনায় আনার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় অনলাইন ফরম তৈরি ও প্রিন্ট, ক্যাশলেস লেনদেন, ডিজিটাল হিসাবরক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে।
গত ১৫ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এইচ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। অনুষ্ঠানে প্রথম ডিজিটাল ওকালতনামা কেনেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম। এ সময় সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা-১, বাসুদেব বিশ্বাসসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
নতুন সফটওয়্যারের অন্যতম সুবিধা হলো, ওকালতনামাসহ সমিতির প্রয়োজনীয় সব ধরনের ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করা যাবে। ফরম বিক্রি, বিক্রিসংক্রান্ত হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্যও সফটওয়্যারে সংরক্ষিত থাকবে। এতে ফরম সংগ্রহ ও ব্যবস্থাপনায় সময় কমার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন ব্যবস্থায় সদস্যদের চাঁদা, ফি, ভাড়া, ফরম কেনাসহ বিভিন্ন আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন ও সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি লেনদেনের তথ্য সফটওয়্যারে থাকায় পরবর্তী সময়ে হিসাব, লেনদেনের ইতিহাস ও আর্থিক প্রতিবেদন যাচাই করা সহজ হবে। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও নির্ভুলতা বাড়বে বলে মনে করছেন উদ্যোগসংশ্লিষ্টরা।
যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎসব টেকনোলজি লিমিটেডের কারিগরি সহযোগিতায় সফটওয়্যারটির উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একটি সফটওয়্যার চালুর উদ্যোগ নয়; বরং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানসম্পদ সংরক্ষণের পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর করার পদক্ষেপ। এর মাধ্যমে যশোর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে তাঁদের প্রত্যাশা। একই সঙ্গে দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও এ উদ্যোগ অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

























