দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বরিশাল রূপাতলীস্থ আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে গঠিত কমিটির বিষয়ে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। তদন্ত কমিটির আহবায়ক বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিনসহ ৩ সদস্যের তদন্ত কমিটি ওই কমিটি গঠনে অনিয়মের প্রমাণ পায় বলে সভায় জানানো হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, কমিটি অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা হয়েছিল। দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্তদের কমিটিতে অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি কমিটি ভেঙে দেওয়ার সুপারিশ করে।
সুপারিশের ভিত্তিতে সভাপতি বর্তমান কমিটি ভেঙে দেন এবং জাতীয় নির্বাহী কমিটি বরাবর অ্যাডহক কমিটি গঠনের অনুমোদনের জন্য সুপারিশ করেন। এছাড়া বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব ড.নাসিমুল গনির সিদ্ধান্ত পাওয়া পর্যন্ত সকল আঞ্চলিক পর্যায়ের কমিটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযোগ উঠেছে, সভার সিদ্ধান্ত উপেক্ষা করে বিলুপ্ত নির্বাহী কমিটির আঞ্চলিক কমিশনার দেবাশীষ হালদার (এলটি) ও আঞ্চলিক সম্পাদক ফারুক আলম বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও অফিস নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে আঞ্চলিক পরিচালক মো. মামুনুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম একটি সভা হয়েছে।বরিশাল আঞ্চলিক স্কাউটের এলটি মো. রুহুল আমিন জানান, ৪৯তম সভায় সকলের সম্মতিক্রমে অবৈধ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে বিলুপ্ত কমিটির দেবাশীষ হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আঞ্চলিক কমিটি এভাবে ভেঙে বিলুপ্ত করার এখতিয়ার আঞ্চলিক কমিটির সভাপতি রাখেন না। তারা ভাঙার জন্য সুপারিশ করেছেন। কমিটি ভেঙে বিলুপ্ত করার ক্ষমতা রাখে বাংলাদেশ স্কাউটস।
এদিকে ১১টি তথ্য চেয়ে বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক স্কাউটস বরাবর একটি চিঠি প্রদান করেছে





















