নির্বাচনী ব্যয়ে নতুন নিয়ম, এজেন্টের ব্যাংক হিসাবও যুক্ত করল ইসি

- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীর পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করেছে সংস্থাটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর জারি করা আরেক প্রজ্ঞাপনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এর ক্ষমতাবলে বিধিমালা সংশোধনের কথা জানায় ইসি।
নির্বাচনী হিসাবের তথ্য দিতে হবে এজেন্টেরও
সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১–এ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তাঁর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
এর ফলে নির্বাচনী ব্যয়ের আর্থিক লেনদেনের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি এজেন্টের হিসাবও বিবেচনায় আসবে।
হলফনামায় পরিবর্তন
নির্বাচন পরিচালনা বিধিমালার পাশাপাশি প্রার্থীর হলফনামাসংক্রান্ত বিধিতেও পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধিমালায় হলফনামার সংযুক্তি-১-এর ৩(খ) ধারার বিশেষ দ্রষ্টব্য অংশ পরিবর্তন করা হয়েছে। আগে যেসব তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা ছিল, নতুন বিধানে সেগুলোকে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ বলা হয়েছে।
এ ছাড়া হলফনামার সংযুক্তি-১-এর ৩(গ) ধারায় ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে, তাকেই অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
স্বজনদের আয়কর তথ্য দেওয়া ঐচ্ছিক
প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, হলফনামার ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্য অনুযায়ী, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লেখিত স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক নয়।
প্রতীক বরাদ্দেও নতুন বিধান
বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রতীকসংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নতুন গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’কে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতার ভিত্তিতেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।




















