আসিফ মাহমুদের আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুদক

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন সূত্র জানায়, এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক জাহিদ কালামের স্বাক্ষরে বিএফআইইউ প্রধান বরাবর চিঠিটি পাঠানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, চিঠিতে আসিফ মাহমুদের নামে থাকা ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লকার সুবিধা, ফিক্সড ডিপোজিট (এফডিআর), দেশি-বিদেশি বিনিয়োগ এবং বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
এ ছাড়া বিদেশে কোনো ধরনের কোম্পানি বা শেল কোম্পানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে সম্পর্কিত তথ্যও চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী পান্নার নামে থাকা আর্থিক হিসাব ও লেনদেনের তথ্য তলব করেছে সংস্থাটি।
দুদক সূত্র বলছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ-পদায়ন ও বদলিতে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও অনুসন্ধানের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এসব বিষয় অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।




















