ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন ইস্যু, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তিনি ভারতের প্রতি আহ্বান জানান, যাতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত ও পলাতক ব্যক্তিরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পান।
বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।
বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন খাতে যৌথভাবে কাজ করার সুযোগের বিষয়টি উঠে আসে।
দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব বলেও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।



















