শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। আর নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
চিফ হুইপ জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোট দেওয়া শেষ হলে পরবর্তী ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।
তিনি বলেন, “আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।”
মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ
এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
দীর্ঘ ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটাভুটি হচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই’
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দলটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের লক্ষ্য।
সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান তিনি।
বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিটের এ সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছসহ বিএনপির কয়েকজন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।






















