একনেকে বাদ পড়ল ১ হাজার ৪৫৭ কোটি টাকার দুই প্রকল্প

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে সভা থেকে বাদ পড়েছে ১ হাজার ৪৫৭ কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্প এবং তুরাগ নদী সুরক্ষার ঢাকা মেট্রো প্রকল্প।
বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এর একটি হলো ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ। অন্যটি ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকরণ প্রকল্প।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদিত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং ঢাকায় ডেসকোর এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধন।
এ ছাড়া রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
বাদ পড়ল ১,৪৫৭ কোটি টাকার দুই প্রকল্প
একনেকের এ সভায় দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার জন্য ১ হাজার ৪৫৭ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়নি। একই সঙ্গে তুরাগ নদী সুরক্ষার ঢাকা মেট্রো প্রকল্পও সভা থেকে বাদ পড়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের ইতোমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন ও ভ্যাকসিন-বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, বেস্ট প্রকল্পের প্রথম সংশোধন এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ, গুলশানে ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসির বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন, মসজিদ পাঠাগার সম্প্রসারণ এবং জনসেবা প্রদানে নিউ মিডিয়ার ব্যবহারসংক্রান্ত প্রকল্পও ওই তালিকায় রয়েছে।
কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনও ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে।
সভা শেষে সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশিত ‘Five Year Strategic Framework for Reform and Development’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




















