নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রোগীর চাপ সামলাতে বাড়ল শয্যা
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার লক্ষ্যেই নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। ৫০০টি নতুন শয্যা যুক্ত হওয়ায় এখন একই প্রতিষ্ঠানে এক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা তৈরি হলো।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। পরে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়।
এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির সক্ষমতা এক হাজার শয্যায় উন্নীত হলো। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















