আরও বড় পরিসরে চালু হবে যশোর শিশু হাসপাতাল: অনিন্দ্য ইসলাম অমিত

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
যশোর শিশু হাসপাতালকে আরও বড় পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার যশোরের এস এম সুলতান ফাইন আর্ট কলেজ আয়োজিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আরও পড়ুন :হাজার হাজার কোটি টাকার প্রকল্প, কাজ অসম্পূর্ণ রেখেই উধাও ট্রান্সরেল ও অমৃক সিং?
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তাঁর প্রয়াত বাবা তরিকুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে যশোর শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
তিনি বলেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রমও চলছে। এটি শিগগিরই পূর্ণাঙ্গভাবে চালু হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
গণতন্ত্র নিয়ে সতর্ক থাকার আহ্বান
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর অভিযোগ, বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন এবং যারা এখন তাঁর বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের একটি বড় অংশ অতীতে তাঁকে সেই অবস্থানে যেতে সহযোগিতা করেছিল।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে। এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিতের ভাষ্য, যারা অতীতে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও সুযোগ পেলে আবারও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জমি নিয়ে আশ্বাস
অনুষ্ঠানে এস এম সুলতান ফাইন আর্ট কলেজকে প্রতীকী মূল্যে জমি দেওয়ার সুযোগ থাকলে সরকারের পক্ষ থেকে তা করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ।
উল্লেখ্য, তিন দিনের শিল্প কর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০ টি শিল্প কর্ম স্থান পেয়েছে।






















