আগস্টজুড়ে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, সাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ

- সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে সক্রিয় থাকতে পারে একাধিক মৌসুমি বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি)।
পূর্বাভাস অনুযায়ী, আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। তবে এ মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, টানা ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে মৌসুমি বন্যা দেখা দিতে পারে। এতে বন্যাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকিও থাকতে পারে।
চার সপ্তাহের সম্ভাব্য আবহাওয়া
প্রথম সপ্তাহ (১–৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের আধিক্য থাকবে। রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
দ্বিতীয় সপ্তাহ (৯–১৬ আগস্ট): বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহ (১৭–২৪ আগস্ট): শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চতুর্থ সপ্তাহ (২৫–৩১ আগস্ট): বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম গড়ে উঠতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় আরও সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে বৃষ্টির বিরতিতে সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এ মাসে দীর্ঘস্থায়ী খরার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে আগস্টে দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটবে। ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ হলেও—দুটি গ্রহণের কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।












